NTN BHARAT - News, Facebook Log, News, Media

শিলিগুড়িতে শেষকৃত্য সম্পন্ন হল রত্না ভট্টাচার্যের, কান্নায় ভেঙে পড়েছেন অশোক বাবু

শিলিগুড়ি: শিলিগুড়িতে শেষকৃত্য সম্পন্ন হল অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে চিকিৎসায় সাড়া না দিয়ে বুধবার সকালে প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। 

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার কলকাতা থেকে দেহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে। এদিন সকালে এনজেপি স্টেশন থেকে নিথর দেহ নিয়ে আসা হয় সুভাষপল্লীর বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জেলা বামফ্রন্ট কার্যালয় অনীল বিশ্বাস ভবনে। এরপর কিরণচন্দ্র শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। 

সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় রত্না দেবীর। স্ত্রীর মৃত্যু শোকে বুধবার থেকেই ভেঙে পড়েছেন অশোক বাবু। বৃহস্পতিবার দেহ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অশোক ভট্টাচার্য বলেন, আমার ৪১ বছরের সঙ্গী। আমার যে কোনো আন্দোলনে, সংগ্রামে যে সবথেকে বেশি সাহস যুগিয়েছে, অনুপ্রেরণা যুগিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেল। আমার ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়।

এদিন রত্না দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে পৌছান পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, সহ বিভিন্ন দলের একাধিক নেতা নেত্রীরা। অন্যদিকে কলকাতা থেকে অশোক বাবুর সঙ্গে শিলিগুড়িতে আসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

Post a Comment

0 Comments