নিজস্ব প্রতিনিধিঃ ওপার বাংলার অশান্তি আঁচ পড়েছে এপার বাংলার রাজনীতির ময়দানে। বাংলাদেশের অশান্তি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলার শাসক দলের প্রশ্ন তুলে সরব হয়েছে বাংলাদেশের ঘটনার আটদিন পরও কেন নীরব প্রধানমন্ত্রী? প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত ভাল। মাঝের এই আটদিনে বিভিন্ন বিষয়ে একাধিক ট্যুইট করলেও, বাংলাদেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নরেন্দ্র মোদি। যা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে, বিজেপি আবার প্রশ্ন তুলছে, বাংলাদেশ আমাদের পড়শি....হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত হৃদ্যতা...তা সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায়ই বা প্রকাশ্যে বাংলাদেশের অশান্তি নিয়ে নীরব কেন?বর্তমানে তৃণমূল-বিজেপি উভয়কে এ প্রসঙ্গে প্রশ্নবাণে বিদ্ধ করছে।
এদিকে, বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় তাই শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷অন্যদিকে, বাংলাদেশের মন্দিরে হামলা ঘিরে সাম্প্রদায়িক অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ ৷ তার আঁচ টের পাওয়া যাচ্ছে সীমান্তের এপারেও ৷ ঘৃণা এবং উস্কানিমূলক পোস্টে ছেয়ে গিয়েছে নেটমাধ্যম ৷ কিন্তু ভার্চুয়াল দুনিয়া থেকে এই অশান্তি যাতে বাংলার সর্বত্র ছড়িয়ে না পড়ে, এবার তারই প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে বিশেষ ভাবে উদ্বিগ্ন সরকার ৷ তাই সাম্প্রদায়িক হিংসায় বাংলা যাতে কোনও ভাবেই উত্তপ্ত না হয়, তার জন্য কড়া হাতে প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
প্রসঙ্গত,অষ্টমীর দিন থেকে বাংলাদেশে তীব্র হিংসা ছড়াতে শুরু করে ৷ অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এরপর বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয় ৷ বিভিন্ন এলাকায় ৬৬টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ জ্বালিয়ে দেওয়া হয় অন্তত ২০টি বাড়ি ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ নোয়াখালির একটি ইসকন মন্দিরেও হামলা চালানো হয় পরই বাংলাদেশের হিংসা থামাতে কড়া পদক্ষেপ করার জন্য শেখ হাসিনার কাছে আর্জি জানায় ইসকনের মার্কিন কার্যালয় ৷ বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, যেভাবে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে, সদস্যদের মারধর হয়েছে, তাতে তারা ব্যথিত ৷ তাই তাদের আর্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এই বিষয়ে কড়া পদক্ষেপ করেন ৷ আর কোনও দোষীদের যেন ছাড়া না-হয় ৷ তারা যেন উপযুক্ত শাস্তি পায় ৷ একদল দুষ্কৃতীর এই তাণ্ডবের বিরুদ্ধে সরব হন বাংলাদেশের মানুষ ৷ একযোগে হিন্দু ও মুসলিমরা দোষীদের শাস্তির দাবি তোলেন ৷ ঢাকার শাহবাগের মোড়ে অবস্থান বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা । নানা সংগঠনের সদস্যরা পরে সেই অবস্থানে যোগ দেন । হাজিগঞ্জের চাঁদপুর, চট্টোগ্রামের বাঁশখালি ও কক্সবাজারের পেকুয়াতেও বেশকিছু মন্দিরে হামলার অভিযোগ উঠেছে ৷ হিংসা নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনকেও হামলার মুখে পড়তে হয় বলে জানা গিয়েছে ৷এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশবাসীকে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান হয়েছে ৷ বাংলাদেশের বিজিবি বাহিনীকে মোতায়েন করা হয়েছে ২২ জেলায়।
ওপার-বাংলায় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ধর্মের নামে যারা হিংসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও খবরের সত্যতা যাচাই না-করে মানুষ যেন তা বিশ্বাস না-করেন, সেই আর্জিও জানিয়েছেন হাসিনা ৷
কুমিল্লার যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের নানা প্রান্তে হিন্দুদের ওপর হামলা নেমে এসেছে, এ দিন সেখানে আওয়ামি লিগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'অন্যের ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়। কুমিল্লার ঘটনাটা যদি বিশ্লেষণ করি সেটাই দেখতে পায়। আমাদের পবিত্র কোরানকে অবমাননা করা হয়েছে। অন্যের ধর্মকে অসন্মান করতে গিয়ে। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। নিজের ধর্মের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে। অন্যের ধর্মকে কেউ হেয় করতে পারে না। নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়।
এদিকে,কক্সবাজার থেকে গ্রেফতার বাংলাদেশে পুজো-মণ্ডপে হামলার ঘটনার মূল চক্রী ইকবাল হোসেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। বৃহস্পতিবার ১২টা নাগাদ সুগন্ধা সৈকত থেকে পাকড়াও করা হয়েছে তাকে। বাকিদের খোঁজ চলছে বলে খবর।

0 Comments
Please do not enter any spam link in comment box